মুক্তিপণ পেয়েও ভাগনেকে হত্যা করলেন মামা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে নিজ ভাগনেকে অপহরণের পর মুক্তিপণ পেয়েও হত্যা করেছে মামা। ঘটনার ১৪ দিন পর মামাকে গ্রেফতারের পর চট্টগ্রামের সাতকানিয়া থেকে পুলিশ অপহৃত ভাগনের গলিত মরদেহ উদ্ধার করেছে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অপহরণের পর হত্যা শিকার মোহাম্মদ আকরাম (১৩) উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ ইদ্রিসের ছেলে।
গ্রেফতার মামা কামাল হোসেন (২৫) একই ক্যাম্পের মৃত আবুল কাসেমের ছেলে এবং আকরামের মা সারা খাতুনের আপন ভাই।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, গত ৩ এপ্রিল মোহাম্মদ আকরাম অপহরণের শিকার হন। এরপর পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে আকরামের বাবা নগদ অ্যাকাউন্টে ২ লাখ ১৩ হাজার টাকা মুক্তিপণ পাঠায়। এরপরও অপহৃতকে ছেড়ে না দেয়ায় গত ১৫ এপ্রিল মঙ্গলবার বাবা মোহাম্মদ ইদ্রিস বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজন আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করে।

এএসপি বলেন, মামলা রুজু হওয়ার পরপরই উখিয়া থানার একটি বিশেষ টিম ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের লক্ষ্যে কাজ শুরু করেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার বিকেলে তথ্য প্রযুক্তির সাহায্যে কামাল হোসেন গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে কামাল স্বীকার করে সে সাতকানিয়া বিবিসি নামক ব্রিক ফিল্ডে কাজ করে। গত ৩ এপ্রিল সকালে তার বোনের বাড়িতে ঈদ উপলক্ষ্যে বেড়াতে যায়। ফেরার সময় কৌশলে ভাগিনাকে অপহরণ করে তার সঙ্গে করে কুতুপালং বাজার হতে সিএনজি নিয়ে কক্সবাজারের লিংক রোড এবং লিংক রোড থেকে একটি বাসে করে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার কেরানীরহাট বাজারে নামে। কেরানীরহাট থেকে থামহনী এলাকায় নিয়ে আটক করে রাখে এবং রাতে ওখানে অবস্থান করে।

পরবর্তীতে গত ৪ এপ্রিল বোনের নম্বরে কল করে ভুক্তভোগীকে দিয়ে কথা বলিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ছেলেকে ফিরে পাওয়ার আসায় আসামির দেওয়া ২টি নগদ অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে সর্বমোট ২ লাখ ১৩ হাজার টাকা পাঠানো হয়। কামাল হোসেন ভাগিনা মুক্তি পেয়ে বাড়িতে ফিরে এসে তার পরিবারের কাছে ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করবে তাই আকরামকে ঘটনাস্থলে শ্বাসরোধ করে হত্যা করে।

কামাল হোসেনকে দেখিয়ে দেওয়া রসুলাবাদ গ্রামের ইকবাল-হাসান কনভেনশন হলের পূর্ব পাশে পূর্বের বিল পুরাতন খালের উত্তর পারের কিনারে কচুরিপানার নিচ থেকে বুধবার সন্ধ্যায় আকরামের গলিত মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে ভুক্তভোগীর ১ জোড়া প্লাস্টিকের স্যান্ডেল পাওয়া গেছে।
তথ্যসূত্র ইনকিলাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *